গাজায় ইসরাইলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রকেট হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। বৃহস্পতিবার ইসরাইলের দিমোনা শহরের একটি পরমাণু স্থাপনায় রকেট হামলা চালিয়েছে হামাস।
গতকাল বৃহস্পতিবার এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে হামাস। হামাস বলেছে, দিমোনার পরমাণু চুল্লি ধ্বংস করে দেয়ার জন্য গাজা উপত্যকা থেকে তিন দফা রকেট হামলা চালানো হয়েছে।
এম-৭৫ রকেট দিয়ে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল- কাসসাম ব্রিগেড।
ইসরাইলে প্রকাশিত খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম একটি রকেটকে ধ্বংস করে দিয়েছে। অন্য দু’টি রকেট খোলা জায়গায় আঘাত হেনেছে। বুধবারও এ কেন্দ্র লক্ষ্য করে হামাসের সাত দফা রকেট হামলা হয়েছিল। তার মধ্যে তিনটি ধ্বংস করে দিয়েছে আয়রন ডোম এবং অন্য চারটি তেমন কোনো ক্ষতি করতে পারে নি।
ইসরাইলের রয়েছে দুটি পরমাণু স্থাপনা। এর একটি রয়েছে দিমোনায় এবং অন্যটি আল-কুদস বা জেরুজালেম শহরে। ইসরাইলের বিজ্ঞানী ও রাজনীতিবিদরা দিমোনা পরমাণু স্থাপনা বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, পুরনো এ স্থাপনা ক্রমেই দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
এদিকে, শুক্রবার সকাল পর্যন্ত গাজার অন্তত ১১০০টি স্থাপনাতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে নিহত হয়েছেন ৯৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছে ছয় শতাধিক। সূত্র: আইআরআইবি ও আল জাজিরা
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ