পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার ইমরান খানের সঙ্গে বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক রয়েছে। তাঁরা দুজন যদি কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতা চান, তাহলে তিনি তা করতে ইচ্ছুক।

ট্রাম্প মধ্যস্থতায় রাজি কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। এটি একটি জটিল বিষয়। এটি দীর্ঘদিন ধরে চলছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইমরান খান উভয়েই যদি চান, তাহলে আমি তা করতে রাজি আছি।’

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমি একজন ভালো মধ্যস্থতাকারী হবো।’

পাকিস্তান সন্ত্রাসবাদের ঘাঁটি, ভারতের এই অবস্থানের স্বপক্ষে কি না, তার উত্তরে, ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ইরানের দিকে নজর দিতে চাই।’

গত রোববার টেক্সাস অঙ্গরাজ্যের হাউস্টনে পাকিস্তান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সেটা খুবই আক্রমণাত্মক ছিল, তবে তা ইতিবাচকভাবেই নেওয়া হয়েছে।’

এ ছাড়াও এর আগে দুবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ইচ্ছা পোষণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত তা নাকচ করে দিয়ে একে দ্বিপক্ষীয় ইস্যু হিসেবেই রাখতে চাইছে।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এবারের অধিবেশনে যোগদানকে ‘মিশন কাশ্মীর’ হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান। এ অধিবেশনকে ইস্যুটি আন্তর্জাতিক দরবারে উত্থাপন করার মোক্ষম সুযোগ আকারে দেখছে পাকিস্তান।

এমআর