দ্বিতীয় মেয়াদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো। মঙ্গলবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, ওই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোকো উইদোদো ৫৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধী পারাবোয়ো সুবিয়ান্তো পেয়েছেন ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট।

এর আগে গত বৃহস্পতিবার বেসরকারি জরিপ সংস্থা উইদোদোর জয়ের সম্ভাবনার কথা জানিয়েছিল।

৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন উইদোদো। তার প্রতিদ্বন্দ্বী জেনারেল প্রাবো সুবাইন্তো পেয়েছেন ৪৪ শতাংশের কিছু বেশি ভোট।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফল ঘোষণার পর এখন পর্যন্ত সুবিয়ান্তোর কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ফলের বিরুদ্ধে তিনি আদালতে যাবেন কি না, তাও জানা যায়নি। যদিও ভোট গণনাকালীন নির্বাচনে ‘ব্যাপক প্রতারণার’ অভিযোগ তোলেন সুবিয়ান্তো।

ওই সময় তিনি রাজপথে প্রতিবাদ প্রতিরোধের হুঁশিয়ারিও দেন। ২০১৪ সালের নির্বাচনে পরাজয়ের পর ফলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে হেরে যান সুবিয়ান্তো।

এদিকে, ফল ঘোষণাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি সামাল দিতে রাজধানী জাকার্তাজুড়ে নিরাপত্তা বাহিনীর প্রায় ৩২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে। সহিংসতার আশঙ্কায় পূর্বঘোষিত সময়ের একদিন আগেই ফল ঘোষণা করল নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

স্থানীয় ও জাতীয় পর্যায়ে ২০ হাজার জনপ্রতিনিধি নির্বাচনের উদ্দেশ্যে গত ১৭ এপ্রিল দেশব্যাপী ওই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইন্দোনেশিয়ায় মোট ভোটারের সংখ্যা ১৯ কোটি ২০ লাখ।

এএস