logo
Search

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ, মিলছে না সন্ধান

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে রওনা হওয়ার পর জাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

টাইমনিউজবিডি ডেস্ক

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিরূপ আবহাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, নিখোঁজ জাহাজটির নাম ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’। যাত্রাপথে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ার পর নৌযানটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বানজারমাসিনের তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা আরিয়ান্তো আরদি জানান, জাহাজটির সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই জাভা সাগরে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

তিনি বলেন, বানজারমাসিন জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল।

ডুবে গেছে নাকি চরে আটকা, চলছে তল্লাশি

জাহাজটি নিখোঁজ হওয়ার পর এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নৌযানটি কোনো চরে আটকে আছে, নাকি সাগরে ডুবে গেছে—তা নিশ্চিত হতে উদ্ধারকারী ও তল্লাশকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।

দ্রুতগতির উদ্ধারকারী ড্রেজার ব্যবহার করে সম্ভাব্য এলাকায় জাহাজটির সন্ধান করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় নৌপথে দুর্ঘটনা

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের ক্ষেত্রে ফেরি ও যাত্রীবাহী জাহাজ গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম।

তবে দেশটির নৌপথে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর পেছনে পর্যাপ্ত তদারকির অভাব এবং অনেক ক্ষেত্রে ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহনের বিষয়টি উল্লেখ করা হয়।

এনএইচ