তিন দিনের যুদ্ধ বিরতির পর ফের তালেবানের হামলায় আফগানিস্তানের ৩০ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

আজ বুধবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাদগিস এলাকায় দুইটি চেক পোস্টে তালেবানের বোমা হামলায় এই নিহতের ঘটনা ঘটে।

হামলাটি এমনই সময় করা হয় যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি ঘোষণা দিলেন তালেবানের সাথে যুদ্ধ বিরতি ৩ দিন থেকে বাড়িয়ে ১০ দিনের জন্য করা হয়েছে।

তালেবানরা এই ঘোষণা প্রত্যাখান করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরপরই এই হামলা চালানো হয়। উল্লেখ্য, ঈদ উপলক্ষ্যে তালেবানরা তিন দিনের যুদ্ধ বিরতি ঘোষণা করে। যেটা গত রোববার শেষ হয়ে যায়।

হামলার বিষয়টি নিশ্চিত করেন বাদগিস প্রদেশের গভর্নর আব্দুল কাফুর মালিকজাই। পাশাপাশি এই প্রদেশের কাউন্সিল আব্দুল আজিজ বেক জানান, মূলত একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালায় তালেবান বিদ্রোহী।

তিনি আরো জানান, ' তালেবানরা বিভিন্ন দিক থেকে ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে থাকে। নিরাপত্তা কর্মীদের সাথে প্রায় ১ ঘন্টার মতো গোলাগুলি হয় তাদের। সর্বশেষ তারা ঘাঁটিটি দখল করে নিতে সক্ষম হয়। তাছাড়া ঘাঁটি ছাড়াও প্রদেশটির বিভিন্ন জায়গায় একই রাতে হামলা চালায় তারা। যেখানে প্রায় ১৫ জন নিরাপত্তা কর্মী নিহত হয়।

তারা এই হামলার পরিকল্পনা যুদ্ধবিরতি চলার সময়ই নিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো দায় স্বীকার বা মন্তব্য করেনি তালেবানরা।

এদিকে তালেবানদের সাথে যুদ্ধবিরতি চলাকালীন গত ১৭ জুন নানগাহার প্রদেশে একই রকম হামলায় প্রায় অর্ধশতাধিকের মতো নিহত হয়। যে হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠি আইএস।

উল্লেখ্য, গত রোববার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর তালেবানরা পুনরায় পুনঃশর্তে শান্তি আলোচনায় আসতে রাজি হয়েছে। যেখানে তারা সরাসরি আমেরিকার সাথে আলোচনা করাসহ আফগানিস্তানের মাটিতে বিদেশি সৈন্য প্রত্যাহারের শর্ত দিয়েছিল।

জেড