সোমবার (১৬ জানুয়ারি) মিয়নমারের সংবাদমাধ্যম ইরাবতি নিউজ জানায়, সাগাইং, ম্যাগওয়ে, বাগো অঞ্চলে, শান, কায়াহ এবং চীন রাজ্যে বিদ্রোহীদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। তবে সেনা সদস্যের হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

ইরাবতি নিউজ জানায়, শুক্রবার উত্তর শান রাজ্যের সেনি টাউনশিপে মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির (এমএনডিএএ) সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জান্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছে।

সংঘর্ষের সময় প্রচুর অস্ত্র, গুলিসহ সামরিক সরঞ্জাম রেখে পালিয়ে যায় সেনারা। ফেলে যাওয়া সামরিক সরঞ্জামের পুরোটাই জব্দ করেছে এমএনডিএএ। এ ছাড়া সাগাইং-এ সামরিক চেকপোস্টে বোমা হামলায় শাসক বাহিনীর ১০ সদস্য নিহত হয়।

শনিবার সাগাইং অঞ্চলের আয়াদাউ শহরে ড্রোন দিয়ে বোমা হামলায় জান্তা বাহিনীর ২ সদস্য নিহত হয়। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়। রোববার কায়াহ রাজ্যের রাজধানী লোইকাউতে সামরিক বাহিনীর কায়াহ আঞ্চলিক কমান্ডের সদর দফতরে ড্রোন দিয়ে বোমা হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী। হামলায় কয়েকজন সেনা হতাহত হয়েছে।