সুদানে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের প্রতিবাদে বিক্ষোভরত জনতার ওপর সৈন্যরা গুলি চালিয়েছে, এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার রাতের এ ঘটনায় সাতজন নিহত ও ১৪০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার দেশটির সশস্ত্র বাহিনী বেসামরিক শাসনের অবসান ঘটিয়ে রাজনৈতিক নেতাদের গ্রেফতার ও দেশজুড়ে জরুরি অবস্থা জারির পর প্রতিবাদকারীরা রাস্তায় নেমে আসে। রয়টার্স ও বিবিসি।
রাজধানী খার্তুমে সৈন্যরা বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বিক্ষোভ আয়োজকদের গ্রেফতার করছে বলে জানিয়েছে বিবিসি। এই অভ্যুত্থান বিশ্বব্যাপী নিন্দা কুড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র ৭০ কোটি ডলারের একটি ত্রাণসহায়তা স্থগিত করেছে। অভ্যুত্থানের নেতা জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান দেশের ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক কোন্দলকে দায়ী করেছেন। দুই বছর আগে দীর্ঘ দিনের প্রেসিডেন্ট ওমর আল বশির এক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বেসামরিক নেতা ও সামরিক বাহিনীর নেতাদের নড়বড়ে এক ক্ষমতা ভাগাভাগির চুক্তির মধ্য দিয়ে দুই বছর ধরে পরিচালিত হয়ে আসছিল সুদান।
দেশটিকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল সামরিক-বেসামরিক সার্বভৌম পরিষদ। কিন্তু তার পরও দু’পক্ষের মধ্যে মতভেদ বেড়েই চলছিল। ক্ষমতা গ্রহণের পর জেনারেল বুরহান ২০২৩ সালের জুলাইয়ে নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। ‘সুরক্ষা ও নিরাপত্তা রক্ষায়’ সশস্ত্র বাহিনীর এ পদক্ষেপ নেয়া দরকার ছিল বলে দাবি করেছেন তিনি। রাজধানী খার্তুম থেকে বিবিসির প্রতিনিধি মোহামেদ ওসমান জানান, সোমবার রাতে খার্তুমে ও অন্যান্য শহরে বিপুলসংখ্যক বিক্ষোভকারী রাস্তায় নেমে বেসামরিক শাসন পুনর্বহালের দাবি জানায়।
আহত এক বিক্ষোভকারী সাংবাদিকদের জানান, সামরিক সদর দফতরের সামনে সেনাবাহিনী তার পায়ে গুলি করেছে। অপর এক বিক্ষোভকারী জানান, সৈন্যরা প্রথমে স্টান গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় তার পর গুলি ছোড়ে। আল-তায়েব মোহাম্মদ আহমদ বলেন, ‘দুইজন মারা গেছেন। আমি স্বচক্ষে তাদের দেখেছি’। সুদানের চিকিৎসক ইউনিয়ন ও তথ্য মন্ত্রণালয়ও সামরিক কম্পাউন্ডের সামনে গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে বলে ফেসবুকে লিখেছে। খার্তুমের একটি হাসপাতাল থেকে আসা ছবিতে রক্তাক্ত কাপড়ে থাকা লোকজন ও বহু আহতকে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।
সুদানের প্রধান বিরোধীদলীয় জোট ‘ফোর্সেস অব ফ্রিডম অ্যান্ড চেঞ্জ’ টুইটারে জানিয়েছে, সামরিক বাহিনীকে ক্ষমতা থেকে উৎখাত করতে রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ, রাস্তা বন্ধ করে দেয়া ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, সহিংসতা সত্ত্বেও প্রতিবাদ হ্রাস পাওয়ার লক্ষণ কমই দেখা গেছে। বিক্ষোভকারীরা ইট স্তূপ করে ও টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে। বিক্ষোভে অনেক নারীও অংশ নিচ্ছে, ‘সামরিক শাসন চাই না’ বলে স্লোগান দিচ্ছে তারা। খার্তুমের বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। ইন্টারনেট ও বেশির ভাগ ফোন লাইনও বন্ধ আছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা দেশজুড়ে ধর্মঘট শুরু করেছে বলে জানা গেছে। চিকিৎসকরা সামরিক হাসপাতালগুলোতে কাজ করতে অস্বীকার করেছে বলে খবর পাওয়া গেছে, শুধু জরুরি বিভাগ খোলা আছে। সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের খবরে বিশ্ব নেতারা প্রতিক্রিয়া জানিয়ে সতর্ক করেছেন। জাতিসঙ্ঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ),আফ্রিকান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অজ্ঞাত স্থানে বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করেছে। যাদের বন্দী করে রাখা হয়েছে তাদের মধ্যে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক ও তার স্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা ও অন্য বেসামরিক নেতারা রয়েছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ সুদানের পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার আলোচনায় মিলিত হতে পারে বলে কূটনীতিকরা জানিয়েছেন।
সহায়তা স্থগিত যুক্তরাষ্ট্রের : সুদানে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি দেশটিতে অবিলম্বে বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। অ্যান্টনি বলেন, এই অভ্যুত্থান এবং দেশটির প্রধানমন্ত্রী হামদকসহ বেসামরিক নেতাদের গ্রেফতার গ্রহণযোগ্য নয়। সামরিক বাহিনীকে গ্রেফতারকৃতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, গণতন্ত্রের প্রতি সমর্থন জানাতে সুদানের জনগণের শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকারকে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন করে। দেশটির নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গোলাবারুদ ব্যবহার করেছে; এমন খবরে ওয়াশিংটন গভীরভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ করা উচিত। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অবিলম্বে সুদানে ৭০০ মিলিয়ন ডলারের জরুরি অর্থনৈতিক সহায়তা স্থগিত করছে।
সঙ্কট উত্তরণে সুদানের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের অবিলম্বে সংলাপে বসার তাগিদ দিয়েছে আফ্রিকান ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, দেশটিকে আগের অবস্থানে ফেরাতে আঞ্চলিক সহযোগী দেশগুলোকে এক হয়ে কাজ করার বিকল্প নেই।
এবিএস





