সরকার ব্লগার ও মুক্তমনাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় একের পর এক মুক্তমনা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং গণজাগরণ মঞ্চের নেতারা।
ঢাকায় প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নিউইয়র্কে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে শনিবার এ অভিযোগ করেন তারা।
স্থানীয় সময় শনিবার বিকেলে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস ডাইভার সিটি প্লাজায় ব্লগার ও মুক্তচিন্তার মানুষদের হত্যার ঘটনায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে নিউইয়র্ক গণজাগরণ মঞ্চ। এতে নিহত ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন- প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্যা, সাংবাদিক হাসান ফেরদৌস, ফাহিম রেজা নূর, সিতাংশু গুহ, মুজাহিদ আনসারি ও আকবর হায়দার কিরণ। এ ছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন- মিথুন আহমেদ, মিনহাজ আহমেদ, গোপাল সান্যাল, রানু ফেরদৌস, সুব্রত বিশ্বাস ও খোরশেদসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা।
এ কর্মসূচিতে নিউইয়র্ক গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যুক্তরাষ্ট্র ঘাতক-দালাল নির্মূল কমিটি।
ইআর





