নাইজেরিয়ার সসস্ত্রগোষ্ঠী বোকো হারামকে দমনে সেনা-স্বামীদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন তাদের স্ত্রী ও ছেলেমেয়েরা।
সেনা সদস্যদের স্ত্রীরা বলেছেন, তাদের স্বামীদেরকে সামান্য অস্ত্র-শস্ত্র দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক। এ সময় বিক্ষুব্ধ স্ত্রীরা টায়ার জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি এবং প্রতিবাদ করেন।
নাইজেরিয়ার বোর্নো প্রদেশের রাজধানীতে সেনাঘাঁটির গেইটে গত দু দিন ধরে প্রায় ৩০০ স্ত্রী ও তাদের ৫০০ ছেলেমেয়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
তাবিতা জন নামের এক নারী বলেন, "আমাদের স্বামীদের অস্ত্র দিবেন না, জিওজা অথবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ এলাকায় পাঠাবেন না। আমরা প্রিয়জনদের কবর দিতে দিতে ক্লান্ত।"
সেনা-স্বামীকে যুদ্ধক্ষেত্রে যেতে বাধা দেয়া প্রসঙ্গে রাহিনা আলী নামে অপর নারী বলেন, “বোকো হারামের কাছে রয়েছে উন্নতমানের অস্ত্র আর আমাদের স্বামীদেরকে সবসময় তার চেয়ে কম উন্নত অস্ত্র দেয়া হয়।”
তবে, নাইজেরিয়া সরকারের মুখপাত্র মাইক ওমেরি সেনা সদস্যদের স্ত্রীদের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, সেনারা পর্যাপ্ত পরিমাণ উন্নত অস্ত্র দিয়েই সজ্জিত আছে।
বোকো হারাম ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় তাদের কার্যক্রম শুরু করেছে এবং এ পর্যন্ত তাদের হাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। তাদের এসব হিংসাত্মক কার্যকলাপের কারণে ২০১৩ সাল থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি রয়েছে। সূত্র: আল-জাজিরা।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





