ভারতের মোজাফফরনগর দাঙ্গার এক বছর পূর্ণ হলো আজ বুধবার। উত্তর প্রদেশের মোজাফফরনগরে সংঘটিত দাঙ্গায় ৬২ জন নিহত ও ৪০ হাজারেরও বেশি মানুষ বাড়িছাড়া হন। নিহত ও বাড়িছাড়া মানুষের প্রায় সবাই মুসলিম। খবর এনডিটিভি'র।
গত বছরের এই দিনে দাঙ্গার সূত্রপাত হয়েছিল ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে। স্থানীয় মুসলিম যুবক শাহনেওয়াজের বিরুদ্ধে জাঠ সম্প্রদায়ের এক মেয়েকে উত্যক্ত করার অভিযোগ ওঠে। এ নিয়ে মুসলিম ও জাঠ সম্প্রদায়ের মধ্যে সহিংসতা দেখা দেয়।
সহিংসতার এক পর্যায়ে শচীন ও গৌরভ নামের দুই জাঠ কিশোর নিহত হয়। তাদেরকে হত্যার জন্য মুসলিমদেরকে দায়ী করা হয়। এরপর থেকে শুরু হয় মুসলিম নিধন। হত্যা করা হয় শাহনেওয়াজকেও।
মুসলিমদের গ্রামের পর গ্রাম ধ্বংস করে দেয়া হয়। এমনকি এখনও পর্যন্ত অনেক পরিবার নিজেদের বাড়িতে ফিরে আসতে পারেনি ভয় ও উৎকণ্ঠায়। হতাহতের পরিবারগুলো এখনও সুবিচার পায়নি। চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন তারা। সূত্র: এনডিটিভি
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





