ইরানের গাড়ি নির্মাণকারী সংস্থা ইরান খোদরো হাইব্রিড ও বিদ্যুৎ চালিত মোটর গাড়ি তৈরির পদক্ষেপ নিয়েছে। এ পদক্ষেপ অনুযায়ী ইরানের দু’টি নামকরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তি করেছে ইরান খোদরো।
ইরানের শরিফ এবং আমির কবির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সই করা চুক্তি অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে প্রথম হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে ইরান খোদরো।
একাধিক বিকল্প পদ্ধতির সমন্বয়কে হাইব্রিড প্রযুক্তি বলা হয়। হাইব্রিড গাড়িতে জ্বালানি ব্যবহারের কাজে একাধিক বিকল্প প্রযুক্তি ব্যবহার হয়। এ গাড়ি একাধিক জ্বালানিতে চালানো যায়। পেট্রোল বা ডিজেল ইঞ্জিনের পাশাপাশি হাইব্রিড গাড়িতে থাকে এক বা একাধিক ইলেকট্রিক মোটর এবং ব্যাটারির সংযোগ। জ্বালানি দিয়ে গাড়ি চলতে শুরু করলে আপনাআপনি ব্যাটারি চার্জ করার ব্যবস্থা রাখা হয় এ গাড়িতে।
ইরানের শিল্প, খনি এবং বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ রেজা নেয়ামতজাদেহ বলেছেন, হাইব্রিড গাড়ির প্রচলন ঘটানোর জন্য সরকার একটি প্যাকেজ তৈরি করছে। ইরান সরকারের জ্বালানি সাশ্রয় করার দীর্ঘ মেয়াদি পরিকল্পনার আওতায় এ প্যাকেজ তৈরি করা হবে। নেয়ামতজাদেহ বলেন, প্রচলতি গাড়ির চেয়ে হাইব্রিড গাড়িতে জ্বালানি দুই তৃতীয়াংশ কম লাগে। রেডিও তেহরান
ইআর





