মিশরের মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও তৃতীয় দিনে গড়ানো লড়াইয়ের রাশ টানতে কোনো পক্ষই প্রস্তুত না বলে ধারণা পাওয়া যাচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এক ভিডিওটেপে দেওয়া বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “আমরা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক, উভয় অভিযানের চূড়ায় রয়েছি। যেই আমাদের ক্ষতি করতে আসবে তার রক্ত ঝড়বে।”

মঙ্গলবার ভোররাত থেকে গাজায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। আলি ঘালি ও আহমেদ আবু দাক্কার মৃত্যুতে এ পর্যন্ত তাদের হামলায় ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া ইসলামিক জিহাদের পাঁচ জ্যেষ্ঠ নেতা নিহত হল।

বৃহস্পতিবার পৃথক আরেক বিমান হামলায় দলছুট ফিলিস্তিনি আরেক গোষ্ঠীর দুই বন্দুকধারী নিহত হয়। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। চার নারী ও ছয় শিশুরও মৃত্যু হয়েছে।

কিন্তু এসব ক্ষতি সত্ত্বেও ফিলিস্তিনি ছিটমহলটির দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েই যাচ্ছে।

এনএইচ