সৌদি বাদশা সালমানের অবকাশ যাপনের জন্য ফ্রান্সে সমুদ্র সৈকতের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে।

সফরসঙ্গীর বিরাট এক বহর নিয়ে শনিবার ফ্রান্সের নিস বিমানবন্দরে পৌঁছান সালমান। তিনি ফ্রান্সের রিভিয়েরা সমুদ্র সৈকতে অবস্থিত তার ভিল্লায় অবস্থান করছেন।

এ উপলক্ষে ফরাসি কর্তৃপক্ষ সৈকতের একটি অংশ সাধারণের জন্য বন্ধ ঘোষণা করেছে। এমনকি নির্দিষ্ট সীমানার তিনশ মিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। সরকারের এ উদ্যোগের বিরুদ্ধে অন্তত এক লাখ লোক একটি আবেদনে স্বাক্ষর করেছেন। তারা সৌদি বাদশার নিরাপত্তা অক্ষুন্ন রেখে সৈকতটি খুলে দেওয়ার আহবান জানিয়েছেন।

স্থানীয় এক নারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি একটি সাধারণ ব্যাপার যে তাদের (সৌদি প্রতিনিধি দল) নিরাপত্তা দরকার। কিন্তু তাদেরও (জনসাধারণ) সাঁতার কাটতে দেওয়া উচিত।

সৌদি বাদশা প্রায় এক হাজার সফর সঙ্গী নিয়ে শনিবার তার ভিল্লায় পৌঁছেন। সেখানে তিনি তিন সপ্তাহ অবস্থান করবেন বলে মনে করা হচ্ছে। তার ওই বিলাশবহুল বাড়িটি এক সময় রোমান সমাজের উচ্চ শ্রেণির লোকজন ব্যবহার করতেন। সৌদি বাদশার এ সফর ওই এলাকার অর্থনীতির জন্য সুখবর হলেও সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

এএইচ