বাজি ধরে ৪১টি ডিম খেয়ে সুভাস যাদব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ভারতের উত্তর প্রদেশের জৌনপুরে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বন্ধুকে নিয়ে ডিম খেতে বিবিগঞ্জ মার্কেট এলাকায় গিয়েছিলেন ৪২ বছর বয়সী সুভাস। কথাবার্তার একপর্যায়ে তারা বাজি ধরেন, ৫০টি ডিম খেতে পারলে সুভাসকে দুই হাজার রুপি দেবেন তার বন্ধু।
শর্তমতো ডিম খাওয়া শুরু করেন সুভাস। ৪১টি ডিম খাওয়া শেষ, আরও একটি খেতে শুরু করেছিলেন। হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।
তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ পরেই মারা যান সুভাস।
চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত খাওয়ার কারণেই মারা গেছেন ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো মন্তব্য বা অভিযোগ করেনি মৃতের পরিবার।





