থাইল্যান্ডে এবার সরকারের পতনে চূড়ান্ত লড়াই শুরুর অঙ্গীকার করেছে বিরোধী দল। সাংবিধানিক আদালত দেশের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে অপসারণ করার পর কার্যত দুর্বল হয়ে পড়ে সরবার।
চূড়ান্ত লড়াইয়ের অংশ হিসেবে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা শুক্রবার দেশের টেলিভিশন স্টেশন এবং পুলিশের অবস্থানসমূহ ঘেরাও করার অঙ্গীকার করেছে।
বিক্ষোভকারীদের নেতা সুথেপ থগসুবানের একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠার ডাক দেয়ার পর কয়েক হাজার বিক্ষোভকারী নগরীর বাণিজ্যিক এলাকার একটি পার্কে তাদের প্রধান তাঁবু ছেড়ে যায়।
গভর্নর হাউস অভিমুখে একটি মার্চের নেতৃত্ব দেয়ার আগে সুথেপ বলেন, "আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা পুনরায় লাভ করবো এবং একটি জনগণের সরকার ও গণ আইন পরিষদ গঠন করবো।"
তিনি বলেন, "আমরা সকল টেলিভিশন স্টেশন অভিমুখে মার্চ করবো। আমরা নগরীর বাসিন্দাদের পুলিশের যানবাহন ও পুলিশ সদর দফতর ঘিরে ফেলার আহ্বান জানাচ্ছি। যাতে তাদের আমাদের লোকদের আহত করা থেকে বিরত রাখা যায়।"
পুলিশ জানায়, ব্যাংককের লুম্পিনি পার্কের তাঁবু থেকে প্রায় সাড়ে চার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী মিছিল করে বেরিয়েছে।
এদিকে সরকারপন্থী ‘রেড শার্ট’ শনিবার ব্যাংককের শহরতলীতে সমাবেশ করতে যাচ্ছে। এতে করে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের একই সময় রাজপথে থাকার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]