উগ্র গোষ্ঠী আইএসআইএল গত এক বছরে সিরিয়ায় গলা কাটাসহ বিভিন্নভাবে অন্তত ৩,০০০ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। উগ্র এ গোষ্ঠী কথিত খেলাফত ও ইসলাম প্রতিষ্ঠার নামে এসব হত্যাকাণ্ড চালিয়েছে।

লন্ডনভিত্তিক  মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, গত বছরের ২৯ জুন থেকে এ পর্যন্ত প্রায় ৩,২০০ মানুষ হত্যার ভিডিও প্রকাশ করেছে উগ্র এ গোষ্ঠী। গলা কেটে, গুলি করে, ফাঁসি দিয়ে, পুড়িয়ে এবং পানিতে ডুবিয়ে এসব হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছে। তাদের শিকার অন্তত ১,৭৮৭ জন বেসামরিক ব্যক্তি যার মধ্যে শিশু রয়েছে ৭৪টি।

সিরিয়ান অবজারভেটরির তথ্য মতে- বেসামরিক নাগরিকদের মধ্যে আবার অর্ধেক রয়েছে সুন্নি শাইতাত উপজাতির লোকজন যারা গত বছর সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর শহরে আইএসআইএল গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। আইএসআইএল গোষ্ঠীর হত্যাকাণ্ডের ভেতরে সিরিয়ার কুবানি শহরের সাম্প্রতিক গণহত্যার তথ্যও রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি বলেছে, উগ্র এ গোষ্ঠী গত সপ্তাহে অল্প সময়ের কুবানি শহরে জন্য ঢুকে প্রায় ২২৩ জনকে হত্যা করেছে। এছাড়া, আইএসআইএল সিরিয়ার ৯০০ সেনা এবং প্রতিপক্ষের ২১৬ জন সন্ত্রাসী ও কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে।

ইআর