নাগাল্যান্ডের দিমাপুরে জেল ভেঙ্গে ‘ধর্ষক’কে বের করে পিটিয়ে হত্যার ঘটনার পর প্রতিবেশী রাজ্য আসামেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নাগাল্যান্ডের ওই ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। খবর এনডিটিভির।
নাগাল্যান্ড ও আসামে সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অঞ্চলটির পরিস্থিতি স্বাভাবিক করতে আধা-সামরিক বাহিনীর সহযোগিতার আবেদন জানিয়েছে নাগাল্যান্ড সরকার।
দিমাপুরে গত বৃহস্পতিবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে জেল থেকে বের করে এনে নগ্ন করে রাস্তায় হাঁটায় ও পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং।
রাজ্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে দিমাপুর জেলার কালেক্টর ও পুলিশ প্রধানকে বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত ধর্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় অন্তত দুই হাজার লোক অংশগ্রহণ করে। এ সময় পুলিশ তাদের হাত থেকে কয়েদীকে মুক্ত করতে গেলে পাঁচজন আহত হয়।
বিষয়টি নিয়ে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নাগাল্যান্ড সরকারের কাছে ওই ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদনও চাওয়া হয়েছে।
এএইচ





