আমরা প্রায় প্রতিদিনই পত্রিকায় ভুল সংশোধন দেখে থাকি। সাধারণত আগেরদিন প্রকাশিত সংবাদ ও নিবন্ধে কোন ভুল থেকে থাকলে তার সংশোধনী পরেরদিন দেয়া হয়। কোন কোন সময় তা দু-চারদিন পরেও হতে পারে। কিন্তু তাই বলে ১৬১ বছর?
হ্যাঁ, এমনটিই ঘটেছে আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসের ক্ষেত্রে। পত্রিকাটিতে ১৬১ বছর আগে অর্থ্যাৎ ১৮৫৩ সালে প্রকাশিত একটি নিবন্ধে ভুল পাওয়া গেছে। আর এর সংশোধনী দেয়া হয়েছে গতকাল মঙ্গলবার। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।
জানা গেছে, ১৮৫৩ সালের আমেরিকা। তখন দেশটিতে দাসপ্রথা, বর্ণপ্রথা কৃষ্ণাঙ্গদের দমন-পীড়ন চলছে। আর এরকমই দাসপ্রথার শিকার কৃষ্ণাঙ্গদের নিয়ে একটি ধারাবাহিক গল্প প্রকাশ করা হতো নিউইয়র্ক টাইমস পত্রিকায়।
'১২ ইয়ার্স এ স্লেভ' নামের এই ধারাবাহিক গল্পটিতে কেন্দ্রীয় চরিত্র বানানো হয়েছিল সলোমন নরথাপ নামের এক কৃষ্ণাঙ্গ যুবককে। আফ্রিকা থেকে তাকে কীভাবে অপহরণ করা হয় এবং তিনি কীভাবে দাস হয়ে যান তাই ছিল গল্পের প্রধান বিষয়। গল্পটির উপর ভিত্তি করে একই নামে নির্মিত হয়েছে চলচ্চিত্র। চলচ্চিত্রটি অস্কারও জিতে নিয়েছে।
কিন্তু ১৮৫৩ সালের ২০ জানুয়ারিতে প্রকাশিত ধারাবাহিক এই গল্পটির দুই জায়গায় দুটি ছোট্ট ভুল রয়েছে। এক জায়গায় সলোমন নরথাপের (Solomon Northup) জায়গায় ছাপা হয়েছে Northrop,  আরেক জায়গায় ছাপা হয়েছে Northrup, যা হচ্ছে ভুল বানান। আর এটির সংশোধনী প্রকাশ করা হলো ১৬১ বছর পর! সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]