ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) পর ব্লকের সমস্যা সমাধানে ইউরোপীয় দেশগুলোর নেতাদের অবিচল ও নির্মম সৎ হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন। শুক্রবার স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভাতে ইইউভুক্ত ২৭ টি দেশের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতিত্ব করবেন ডোনাল্ড টাস্ক।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘এটা সত্য যে ইউরোপীয়দের সম্প্রতি সব ধরণের সংকট নাড়া দিয়েছে। ব্যক্তিগতভাবে আমার অনুভূতি হচ্ছে ব্রাতিস্লাভা বৈঠকের সর্বোত্তম আদর্শ হওয়া উচিৎ এই সংকটগুলোকে আমরা বিফলে যেতে দেব না।’

বৈঠকে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা, ব্লকের ২৭ টি দেশের ভবিষ্যত নির্ধারণসহ বিভিন্ন ইইউ দেশগুলো যে সংকটের মোকাবেলা করছে সে বিষয়গুলি আলোচনা করা হবে।

বৈঠকের এজেন্ডায় ব্রিটেনের গণভোট রাখা হয়নি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সম্মেলনে যোগদানও করছেন না। তাই ব্রেক্সিটের কোনো ছায়া সম্মেলনের ওপর পড়বে না বলেই ধারণা করা হচ্ছে।

ইইউ কর্মকর্তারা জানিয়েছেন, অভিবাসন ইস্যুতে ডোনাল্ড টাস্কের দৃষ্টিভঙ্গিই বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় হবে।

 

এমএনজে