ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। দেশটির ফার্স নিউজ এজেন্সি অজ্ঞাতনামা সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বিস্ফোরণগুলো ঘটে।

আল-জাজিরা ও আনাদোলুও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে বিস্ফোরণের সংখ্যা, সংশ্লিষ্ট জাহাজের পরিচয়, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সতর্কবার্তার মধ্যেই এ বিস্ফোরণের খবর সামনে এল। তেহরান অনুমোদিত পথ অনুসরণ না করে জাহাজ চলাচল না করার বিষয়ে সতর্ক করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না ওয়াশিংটন। একই সঙ্গে তেহরানের সঙ্গে যুদ্ধের অবসানে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে বলেও দাবি করেছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। তবে আলোচনার অগ্রগতি বা বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে চলমান আট মাসের যুদ্ধ মার্কিন রাজনীতিতেও চাপ তৈরি করেছে। যুদ্ধের কারণে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে এবং মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সামনে চ্যালেঞ্জ বেড়েছে। কংগ্রেসে অল্প ব্যবধানে থাকা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা দলটির অন্যতম লক্ষ্য।

সাম্প্রতিক রয়টার্স/ইপসোস জরিপ অনুযায়ী, ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক অসন্তুষ্ট। রিপাবলিকান সমর্থকদের মধ্যেও প্রায় চারজনের একজন তার পদক্ষেপ নিয়ে অসন্তোষ জানিয়েছেন।

যুদ্ধের প্রভাবে জ্বালানির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে জীবনযাত্রার ব্যয় মার্কিন ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগ হয়ে উঠেছে।

সূত্র: আল-জাজিরা, আনাদোলু ও ফার্স নিউজ

এস