মার্কিন সার্চ ইঞ্জিন গুগলে ঢুকতে না পেরে চীনের এক ব্যক্তি সরকারি টেলিকম ফার্মের বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার সংবাদ মাধ্যম থেকে এ কথা জানা গেছে।
আইন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেয়া ওয়াং লং (২৫) টেলিকম ফার্ম চায়না ইউনিকমের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় শেনঝু শহরের ফুটিয়ান পিপলস কোর্টে মামলা করেন। বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ওয়াং টুইটারের মতো চীনের সিনা ওয়েবোতে বলেন, স্বাভাবিকভাবে গুগল ওয়েবসাইটে ঢোকা যায় কিনা বিচারক চায়না ইউনিকমের আইনজীবীকে প্রশ্ন করলে তিনি জবাব দিতে ইতস্তত করেন। তিনি কি উত্তর দিয়েছেন সে ব্যাপারে ওয়াং নিশ্চিত নন উল্লেখ করে জানান, বিচারক একজন কেরানীকে রেকর্ড করতে বলেন যে ওয়েবসাইটটিতে ঢোকা যাচ্ছে না। তবে চায়না ইউনিকম সম্পর্কে কিছু বলেননি বিচারক।
এদিকে এ বিষয়ে নিশ্চিত হতে আদালতের কোন কর্মকর্তার কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
সরকারি গ্লোবাল টাইমস পত্রিকায় বলা হয়েছে, অক্টোবরের আগেই এ মামলার রায় হতে পারে। ওয়াংএর উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলছে, চায়না ইউনিকমের সঙ্গে তার একটি চুক্তির সম্পর্ক রয়েছে।
উল্লেখ্য চীনা কর্তৃপক্ষ ইন্টারনেটের ওপর কড়াকড়ি আরোপ করে রেখেছে। ইন্টারনেটে অভ্যন্তরীণ বিষয়ের ওপর নজরদারি এবং ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো বিদেশী ওয়েবসাইটগুলো বন্ধ করে রেখেছে। এমনকি গুগলও চীন থেকে তাদের কার্যক্রম আংশিক প্রত্যাহার করেছে।
ঢাকা, ০৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





