ভারত-চীন সীমান্তের লাদাখে ফের দুই দেশের মধ্যে সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়াল।
সোমবার (১৫ জুন) রাতে গলওয়ান উপত্যকায় চীনা সেনার হামলায় ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই সেনা জওয়ান নিহত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
সেনা সূত্রের খবর, সংঘর্ষে হতাহত হয়েছে চীনের তরফেও। সোমবারই দু’পক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক শুরু হয়েছিল। তার পরেই এই হামলা হয়।
ভারতীয় সেনার পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বলা হয়েছে, “গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়ার চলাকালীনই গতকাল (১৫ জুন) রাতে সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতীয় সেনার এক অফিসার এবং দুই জওয়ানের মৃত্যু হয়েছে। দু’পক্ষের ঊর্ধ্বতন আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন।”
মঙ্গলবার (১৬ জুন) একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষের সিনিয়র সামরিক প্রতিনিধিরা বর্তমানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন।
এমবি





