মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট বলেছেন, আর্থ-সামাজিক দিকে থেকে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

সোমবার রাজধানীর তেজাগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তখন আমাদের ধারণা ছিলো বাংলাদেশ অত্যন্ত দরিদ্র। কিন্তু বাংলাদেশে এসে আমার ধারণা বদলে গেছে। আর আমি রাষ্ট্রদূত হয়ে আসার কয়েক মাসের মধ্যেই তো বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হল।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল আফ্রিকার দেশ মালি। তখন থেকেই বাংলাদেশে আসার চেষ্টা করেন উল্লেখ করে বার্নিকাট বলেন, ১৯৮৮ সালের দিকে এই অঞ্চলে আমি ডেপুটি পলিটিক্যাল কাউন্সিলরের দায়িত্ব পালন করেছি। তাই আগে থেকেই এ দেশে আসার খুব ইচ্ছে ছিল।

বর্তমান সময়ে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, মিডিয়া হলো গণতন্ত্রের প্রাণ। এটি এমন একটি বন্ধন যা রাজনীতিবিদদের দায়বদ্ধ করে। এখন আগের চেয়ে মানুষ অনেক শিক্ষিত। তাই মিডিয়ার গুরুত্ব বাড়ছে। মানুষ প্রতিদিনের খবর জানার জন্য মিডিয়াতে চোখ রাখে।

চ্যানেল আই ভবনে পৌঁছালে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

এআই