ব্রাজিলে কারাগারে বন্দিদের বিদ্রোহের ঘটনায় ৯ জন নিহত হয়েছে। সোমবার ৭০ জিম্মিকে মুক্তির মধ্য দিয়ে বিদ্রোহের অবসান ঘটে। নিহতদের একজনকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়।
পুলিশের একজন মুখপাত্র ফিরা ডি সান্তানা থেকে বলেন, ‘১৮ ঘন্টার আলাপ আলোচনার পর বিদ্রোহের অবসান ঘটে।’
কারাগারটি ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় নগরী সালভাদর থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার সময় এই বিদ্রোহ শুরু হওয়ার পর বিদ্রোহী বন্দিরা ৮ বন্দিকে হত্যা করে। অপর একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে সোমবার মারা যান। পরিবারের সদস্যরা যখন বন্দিদের সঙ্গে দেখা করতে যান তখন এ ঘটনা ঘটে।
বন্দিরা ছুরি নিয়ে বন্দিদের সঙ্গে দেখা করতে আসা আত্মীয়দের জিম্মি বানিয়ে স্থানীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কারাগারের পরিস্থিতি নিয়ে কথা বলার দাবি জানায়। জিম্মিদের মধ্যে নারী ও শিশু ছিল।
জেলের পরিচালক ক্লেরিস্টোন লিটে গ্লোবোস জি১ ওয়েব পোর্টালকে বলেন, ‘কারাগারে প্রতিদ্বন্দ্বী দুদল বন্দির মধ্যে বিরোধকে কেন্দ্র করে এই বিদ্রোহের সূত্রপাত ঘটে।’
স্থানীয় কারা কর্তৃপক্ষ জানায়, বাহিয়া অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহরের এই কারাগারের ধারণক্ষমতা ৬৪৪ জন। কিন্তু বর্তমানে এতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি ১ হাজার ৪৬৭ বন্দিকে এখানে রাখা হয়েছে। কারাগারের ১৩টি অংশের মধ্যে একটি অংশে নারী বন্দিদের রাখা হয়। (সূত্র: এএফপি)
এমকে





