থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মূল শপিং এলাকায় গ্রেনেড হামলায় একজন শিশুসহ মোট ৩ জন নিহত হয়েছে।
রোববার বিকেলে ব্যাংককের জনপ্রিয় শপিং এলাকায় সরকারবিরোধী সমাবেশ চলাকালে গ্রেনেড বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
বিবিসি'র খবরে বলা হয়, গ্রেনেড হামলায় দুই নারী ও এক শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ২২ জন। নারীদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হামলার পর পরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে।
এদিকে, এর একদিন আগে দেশটির পূর্বাঞ্চলে সরকারবিরোধী সমাবেশে বন্দুকধারীদের হামলায় পাঁচ বছরের এক শিশু নিহত ও আরো ৩০ জন আহত হয়।
পুলিশ জানায়, ট্রাট প্রদেশের খাও স্যামিঙ জেলার এক জনাকীর্ণ মার্কেট এলাকায় যেখানে সরকারি বিরোধী সমাবেশ চলছিল সেখানে বন্দুকধারীরা দুটি পিকআপ ট্রাকে করে এসে গুলি চালায়। এতে পাঁচ বছরের এক কন্যা শিশু নিহত ও ৩০ জন আহত হয়েছে।
উল্লেখ্য, বিক্ষোভকারীরা বেশ কয়েক মাস ধরেই দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবি করে আসছে। এছাড়া বর্তমানে ইংলাককে বেশ কিছু আইনী চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে।
এদিকে থাইল্যান্ডে একের পর এক রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি অবিলম্বে এ ধরণের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।
[b]ঢাকা ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]