আধুনিক সিঙ্গাপুরের জনক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের শেষকৃত্য আর কিছু সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। লির শেষ বিদায়ে বিশাল প্রস্তুতি নিয়েছে সিঙ্গাপুর সরকার। গত সোমবার ৯১ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সমাহিত করার আগে লির শববাহী কফিন নিয়ে একটি শোকমিছিল নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে।

মুষলধারে বৃষ্টি হওয়া সত্ত্বেও রোববার লির শবযাত্রায় অংশ নেওয়ার জন্য হাজারো মানুষ রাস্তায় দুই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন। পার্লামেন্ট থেকে সারা শহরের রাস্তায় শুধু মানুষ আর মানুষ।

তার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব নেতারা উপস্থিতি থাকবেন বলে জানিয়েছে বিবিসি। সব রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে একটি একান্ত পারিবারিক অনুষ্ঠানের পর স্মরণীয় এ নেতাকে সমাহিত করা হবে।

লির কফিন দেখতে অন্তত ১৫ লাখ লোক (যার ১২ শতাংশ সিঙ্গাপুরের নাগরিক) দেশটির পার্লামেন্ট চত্বর পরিদর্শন করেন। সাড়ে আট লাখ লোক অন্যান্য স্থানে গিয়ে লির প্রতি শ্রদ্ধা জানান। রোববার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় লির শববাহী কফিন নিয়ে শোকমিছিল শুরু হবে। মিছিলটি সিঙ্গাপুরের কেন্দ্রীয় এলাকার মধ্যে দিয়ে সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্রে পর্যন্ত যাবে।

এরপর দুপুর ২টায় বিশ্বনেতাদের উপস্থিতিতে শেষকৃত্যানুষ্ঠান শুরু হবে। বিশ্বনেতাদের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উয়িদোদো, জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে, অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এবং ব্রিটিশ পার্লামেন্টের নেতা উইলিয়াম হেগ।

বিকেলে প্রয়াত নেতার সম্মানে সিঙ্গাপুরজুড়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। সিঙ্গপুরের বর্তমান প্রধানমন্ত্রী প্রয়াত লির ছেলে লি সিয়েন লং গত সপ্তাহজুড়ে তার পিতার প্রতি জানানো জনগণের শোকার্ত শ্রদ্ধাকে ‘অসাধারণ, মনের গভীরে নাড়া দেওয়ার মতো’ এবং ‘সিঙ্গাপুরের জন্য অনন্যসাধারণ অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেছেন।

লির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য রোববার সিঙ্গাপুরের দোকানপাট ও বাণিজ্যিক কেন্দ্রগুলো বন্ধ থাকবে। তথ্যসূত্র : বিবিসি।

ইআর