ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে চলমান যুদ্ধে আরো দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে মোট ২৭ ইসরাইলি সেনা নিহত হলো।
মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সোমবারের যুদ্ধে ২ সেনা নিহত এবং ৩ সেনা গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের মাঝে এলিটল ফোর্স 'এগোজ রিকনিসনস'-এর একজন কমান্ডার রয়েছে।
যাহোক, হামাসের সামরিক শাখা আল-কাসম ব্রিগেড বলছে, নিহত ইসরাইলি সেনাদের সংখ্যা আরো বেশি। সোমবারের প্রতিরোধে ১৫ ইসরাইলি সেনা নিহত হয়েছে।
খবরে বলা হয়, গত কয়েক দিনে ১০০ বেশি ইসরাইলি সেনা আহত হয়েছে। এদিকে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন,ইহুদিবাদী ইসরাইলি সেনাদের জন্য গাজা হবে কবরস্থান।
উল্লেখ্য, গাজায় গত ৮ জুলাই ইসরাইলী অভিযান শুরুর পর এ পর্যন্ত ৫৭৬ ফিলিস্তিনী নিহত হয়েছে। জরুরি সেবা সংস্থার মুখপাত্র আশরাফ আল কুদ্র মঙ্গলবার এ কথা জানান।
এদিকে অভিযান শুরুর পর অসংখ্য গাজাবাসী তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘের হিসেব মতে, এ সংখ্যা এক লাখেরও বেশি। তারা ফিলিস্তিন শরণার্থী সংস্থা পরিচালিত ৬৯টি স্কুলে আশ্রয় চেয়েছে। সূত্র: এএফপি, প্রেস টিভি।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই





