ফিলিপাইনে ঘুর্ণিঝড় মেলরের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে । বুধবার দেশটির দুর্যোগ বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সোমবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে মিন্দোরো দ্বীপের ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে ঘুর্ণিঝড়টি আঘাত হানে। ঘুর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৩০ কিলোমিটার। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় রাজধানী ম্যানিলা অচল হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। বুধবার ঘুর্ণিঝড়টি দক্ষিণ চীন সাগরের দিকে সরতে শুরু করলে পরিস্থিতির আরো অবনতি হয়। মঙ্গলবার রাতে মিন্দোরো দ্বীপের বেশ কয়েকটি এলাকায় বন্যার পানি বাড়তে শুরু করে। এতে বাসিন্দাদের ছাদের ওপরে আশ্রয় নিতে হয়। তবে বুধবার পানি নামতে শুরু করেছে।
মিন্দোরোর গভর্নর আলফনসো উমালি জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনো অনেক লোক ছাদে আশ্রয় নিয়ে আছেন। অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। কোস্টগার্ডের রাবার নৌকায় করে আমরা বিভিন্ন এলাকয় যাচ্ছি।
এদিকে দেশটির দুর্যোগ বিভাগের কর্মকর্তারা বুধবার সকালে ঝড়ে নিহতের সংখ্যা ৯ বলে জানিয়েছিলেন। পরে এ সংখ্যা ১১ তে দাঁড়িয়েছে বলে জানানো হয়। এদের মধ্যে মিন্দোরোর প্রতিবেশী রোমব্লন এলকায় মারা গেছে ছয়জন।
এমএম





