যুক্তরাজ্যে এমপি জো কক্স হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে টমাস মায়ারকে (৫২)। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উত্থাপণ করে তাকে আজ শনিবার আদালতে নেয়া হবে।
লেবার পার্টির এমপি জো কক্সকে (৪১) গত বৃহস্পতিবার উত্তর ইংল্যান্ডের লিডস শহরের কাছে বার্স্টল গ্রামে গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয়। সেটাই তাঁর নিজ নির্বাচনী এলাকা। সেদিনই মেয়ারকে হত্যাকাণ্ডস্থলের কাছ থেকে গ্রেফতার করা হয়। তিনি বার্স্টল গ্রামের ইয়র্কশায়ার এলাকার বাসিন্দা।
এমপি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নিক ওয়ালেন এক ব্রিফিংয়ে জানান, মেয়ারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
মেয়ারের ভাই সান পত্রিকাকে বলেন, তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং একসময় মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
কিন্তু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে হামলাকারীর সংশ্লিষ্ট থাকার কথা বলেছে মার্কিন নাগরিক অধিকার সংগঠন 'দ্য সাউদার্ন পভার্টি ল সেন্টার'। সংগঠনটি বলেছে, তাদের কাছে যেসব তথ্য-প্রমাণ রয়েছে, সে অনুযায়ী এই ইঙ্গিত মেলে, হামলাকারী নব্য-নাৎসি সংগঠন ‘ন্যাশনাল অ্যালায়েন্সের (এনএ)’ দীর্ঘদিনের একনিষ্ঠ সমর্থক ছিলেন।
দ্য গার্ডিয়ান পত্রিকা স্থানীয় পুলিশের বরাতে এর আগেই বলেছে, হামলার সময় আক্রমণকারী 'ব্রিটেন ফার্স্ট' বলে চিৎকার করছিলেন। তবে ব্রিটেন ফার্স্ট নামে কট্টর ডানপন্থী দলটি এ হামলার সঙ্গে তাদের সম্পর্ক অস্বীকার করেছে।
এমআর





