ভিয়েনতিয়ান:মা তুলে গালাগাল দেওয়ায় ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে–র সঙ্গে বৈঠক বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছোঁটকাটা বলে বিখ্যাত দুতের্তে। ৩০ জুন প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। গত দু মাসে ড্রাগের সঙ্গে যুক্ত প্রায় দু হাজার লোককে মারা হয়েছে।
কারাগারে ভরেছেন আরও হাজার খানেক লোককে। তাঁর সমালোচনা করে মুখ খুলেছে মানবাধিকার সংগঠনগুলোও। আজ থেকে লাওসে তিন দিনের জন্য শুরু হচ্ছে ‘অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস’–এর বৈঠক। সেখানেই মুখোমুখি হওয়ার কথা ছিল ওবামা ও দুতের্তের।
লাওস যাওয়ার আগে তাঁকে জিজ্ঞাসা করা হয় ওবামার সঙ্গে কি ড্রাগ সমস্যা নিয়ে কথা হবে? প্রশ্ন শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন দুতের্তে। বলেন, ‘ও নিজেকে ভাবে টা কী! আমি কারও হাতের পুতুল নই। আমি একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্ট।
আমি শুধু এ দেশের মানুষের কাছেই উত্তর দিতে বাধ্য।’ সাংবাদিকদের সামনে ওবামার বিরুদ্ধে কু-শব্দ ব্যবহার করতেও পিছপা হননি তিনি। বলেছেন, ‘ওবামা যদি আমার কোনও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, তা হলে (গালাগাল)–কে দেখে নেব।’ পরে অবশ্য মন্তব্যের জন্য দুতের্তের হয়ে দুঃখপ্রকাশ করেছেন তাঁর মুখপাত্র।
এসএ





