প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব সায়েব এরাকাতের (৬৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জেরুজালেমের হাদাসসাহ এইন কেরেম নামে একটি ইসরাইলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ফিলিস্তিনের প্রবীণ এ রাজনীতিবিদ ইন্তেকাল করেন। খবর বিবিসি ও আনাদোলুর।

এক শোকবার্তায় অ্যান্তোনিও গুতেরেস বলেন, সায়েব এরাকাতের মৃত্যুতে জাতিসংঘের পক্ষ থেকে আমি অন্তরের অন্তস্থল থেকে গভীর শোক প্রকাশ করছি। আজীবন ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনে নিজেকে উজাড় করা মহান এ রাজনীতিকের শোকসন্তপ্ত পরিবার, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও দেশটির জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।

২০১৪ সালে ভেস্তে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল-ফিলিস্তিনের শান্তি আলোচনায় প্রধান সমঝোতাকারীর ভূমিকা পালন করেন সায়েব এরাকাত।

পিএলওর মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনের অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী ফাতাহর সদস্য ছিলেন সায়েব। ইসরাইলের সঙ্গে সংঘাতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের শক্তিশালী সমর্থক ও অধিকৃত ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের ঘোরবিরোধী ও সমালোচক ছিলেন পিএলওর এ মহাসচিব।

৮ অক্টোবর তার করোনা ধরা পড়ে। এর পর থেকে তার অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে গত ১৮ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়।  তার মৃত্যুতে ফিলিস্তিনে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলেন, আমাদের প্রিয় ভাই ও বন্ধু, মহান যোদ্ধা ড. সায়েব এরাকাতের মৃত্যু ফিলিস্তিন এবং আমাদের জনগণের জন্য বড় ক্ষতি।

এমআর

messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button