মসজিদে মহিলাদের প্রবেশ ও নমাজ পড়ার অধিকারের দাবিতে করা জনস্বার্থ মামলার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নোটিশ পাঠানো হয়েছে ওয়াকফ বোর্ডকেও।

পুনের দম্পতির করা আবেদনে কেন্দ্রকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি এসএ বোবদের বেঞ্চ। টাইমস অব ইন্ডিয়া।

এই আপিল গ্রহণ করে এই দিন শীর্ষ আদালত বলেছে, “শবরীমালা মন্দির নিয়ে আমাদের রায়ের কারণে এই মামলারও আমরা শুনানী করবো।”

আদালতে আবেদনটি করেছেন ইয়াসমিজ জুবের আহমেদ পিরজাদে এবং জুবের আহমেদ পিরজাদে। মহারাষ্ট্রের ওই দুই বাসিন্দার আবেদনের মূল নির্যাস একটাই, মসজিদে ‘লিঙ্গবৈষম্য’নির্মূল করা।

আবেদনে বলা হয়েছে, মসজিদে মহিলাদের ঢুকতে না দেওয়া বেআইনি এবং অসাংবিধানিক। কারণ এর জেরে মহিলাদের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে।

নিজেদের দাবির সাপেক্ষে পিরজাদে দম্পতি কোরান এবং হাদিস দু'জায়গা থেকেই উদাহরণ দিয়েছেন।

বর্তমানে ভারতের জামায়াত-ই-ইসলামী এবং মুজাহিদ সম্প্রদায়ের মসজিদে মহিলাদের প্রার্থনা করতে দেওয়া হয়।

কিন্তু সংখ্যাগরিষ্ঠ সুন্নি ধর্মবিশ্বাসী বাকিদের মসজিদে ঢোকার অনুমতি নেই তাঁদের। যে সব মসজিদে মহিলারা প্রবেশাধিকার পান, সেখানে তাঁদের জন্য পৃথক প্রবেশপথ থাকে। অনেক মসজিদে রয়েছে আলাদা প্রার্থনা করার জায়গা।  

আবেদনকারীদের আইনজীবী আশুতোষ দুবে বলেন, “এ ধরনের প্রথায় ব্যক্তি হিসেবে এক জন নারীর সম্মান ক্ষুণ্ণ হয়।”

এমবি