বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকান্ডগুলোর দায় স্বীকারকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন বলেছেন, মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র মার্ক টোনার।

শুক্রবার ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তাকে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন। সাম্প্রতিক হামলাগুলোর জন্য কে দায়ী - তা নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে মতপার্থক্য রয়েছে বলে মনে হয়। ফোনালাপে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা?

জবাবে টোনার বলেন, সাম্প্রতিক আক্রমনগুলো, বিশেষ করে আমাদের নিজস্ব কর্মকর্তা ও মানবাধিকার কর্মী এবং তার বন্ধু হত্যার তদন্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সহায়তা দেবার প্রস্তাব করেছেন। এসব আক্রমনের পুঙ্খনাপুঙ্খ তদন্ত করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। এছাড়া বাংলাদেশে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মুখপাত্রকে প্রশ্ন করা হয়, আইএস ও তালেবান এসব হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। বাংলাদেশের পরিস্থিতি কতটা গুরুতর? কেননা বাংলাদেশ সরকার দাবি করছে এসবের জন্য বিরোধী দল দায়ী।

টোনার বলেন, এসব দাবি সম্পর্কে আমি অবগত রয়েছি। মাঠ পর্যায়ে পরিস্থিতি খুবই জটিল। আমরা বাংলাদেশ সরকারকে ঘটনাগুলো তদন্ত করে এসব নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করার আহ্বান জানাচ্ছি। আমরা নিশ্চিত করে বলতে না পারলেও এসব হত্যাকান্ডের দায় স্বীকারকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। এটা পরিস্কার যে মাঠ পর্যায়ে ঝুঁকি রয়েছে।

গত কয়েক সপ্তাহে আমরা বর্বরোচিত বেশ কয়েকটি হত্যাকান্ড সংঘঠিত হতে দেখেছি। আমরা চাই বাংলাদেশ সরকার তার নাগরিকদের রক্ষায় সম্ভব সব ধরনের পদক্ষেপ নিক।

এমবি