৫৬ দিনে চীনের জিনিজিয়াং অঞ্চলে পুলিশের অভিযানে এক সন্ত্রাসী সংগঠনের ২৮ সদস্য নিহত হয়। ওই অঞ্চলটিতে প্রধানত মুসলিম জনগোষ্ঠী বসবাস করে।
শুক্রবার পুলিশের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
জিনজিয়াংয়ের প্রচারণা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর সশস্ত্র একটি গ্রুপ জিনজিয়াংয়ের প্রশাসনিক অঞ্চল আকসুর বাইচেং এলাকায় একটি কয়লাখনিতে হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ সদস্যসহ ১৬ জনকে হত্যা করে।
বিবৃতিতে বলা হয়, ওই ঘটনার পর সন্ত্রাসী আশপাশের পাহাড়গুলোতে পালিয়ে যায়। পরে তাদের ধরতে ওইদিনই অভিযান শুরু করে পুলিশ।
এরপর ১২ নভেম্বর পর্যন্ত গত ৫৬ দিনে ওই অঞ্চলে এক হাজার ৩০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৮ সন্ত্রাসী নিহত হয়। একজন আত্মসমর্পণ করে।
জিনজিয়াংয়ে মূলত মুসলিম উইঘুর সম্প্রদায়ের লোকজনের বসবাস। সেখানে প্রতিনিয়িত তাদের বৈষম্যের শিকার হতে হচ্ছে এবং তাদের সংস্কৃতি ও ধর্মীয় আচার পালনে বাধা দেওয়া হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন তারা।
এছাড়া প্রায়ই এই অঞ্চলটিতে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দেয়, যার জন্য উইঘুর সম্প্রদায়কেই দায়ী করে আসছে চীনের কর্তৃপক্ষ।
বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের দমনের কথা বলে এই অঞ্চলে প্রায়ই পুলিশি অভিযান চালানো হয়।
এসএইচ





