জনসংখ্যা সমস্যায় যেন হিমশিম খাচ্ছে জাপান৷বিয়ে নয় সিঙ্গেল থাকতেই বেশী পছন্দ করেন তারা। একদিকে বয়স্ক মানুষর সংখ্যা বাড়ছে, অন্যদিকে কমে যাচ্ছে জন্মহার৷ তার ওপর একক বা ‘সিঙ্গেল' নর-নারীর সংখ্যা এখন ৬০ শতাংশেরও বেশি৷
‘সা-রে-গা-মা-পা-ধা-নি, বোম ফেলেছে জাপানি৷' না, ইতিহাসের সেই দিনটি আর ফিরে আসেনি ঠিকই, কিন্তু বোমা একটা পড়েছে, সমীক্ষার বোমা৷ আর সেটা পড়েছে জাপানের মাটিতেই৷ সম্প্রতি স্থানীয় জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক গবেষণা ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষার ফলাফল দেখে ভাঁজ পড়েছে জাপানের কর্তাব্যক্তিদের কপালে৷ গবেষণা ইনস্টিটিউটটি প্রতি পাঁচবছর অন্তর এ ধরনের একটা সমীক্ষা চালায়, জানাচ্ছে ‘জাপান টাইমস'৷
১৯৮৭ সালে একই বয়সের নারী-পুরুষের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা গিয়েছিল ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৫ শতাংশ নারীই অবিবাহিত৷ আর ২০১০ সালের ফলাফলে দেখা যায়, ৩৬ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৭ শতাংশ নারী ‘ভার্জিন' বা তাদের কোনো শারীরিক সম্পর্ক নেই৷
প্রধানমন্ত্রী শিনজো আবে অবশ্য দাবি করেছেন যে, ২০২৫ সালের মধ্যে দেশের প্রজননের হার ১ দশমিক ৮ শতাংশে নিয়ে যাবে জাপান৷ উদ্যোগ হিসেবে বিবাহিতদের জন্য ‘চাইল্ড কেয়ার সার্ভিস' ও ‘ট্যাক্স ইনসেন্টিভ'-এরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু সমীক্ষা বলছে, সরকারের প্রচেষ্টা সত্ত্বেও জাপানিরা প্রণয় বা পরিণয়ে আগ্রহী নন৷
সূত্র: ডয়েস ভেলে
এম এ





