পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, থাইল্যান্ডে পাচার হয়ে যাওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এছাড়া মানবপাচার রোধে করণীয় ঠিক করতে চলতি সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসবে বলেও জানান তিনি।

রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

শাহরিয়ার আলম বলেন, পাচার হওয়া ১৫ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের একটি তালিকা করা হয়েছে। তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। দু-একদিনের মধ্যে রাষ্ট্রদূতের কাছ থেকে একটি সুপারিশমালা আশা করছি। যেখানে পাচার রোধে থাই সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার বিষয়টিও থাকতে পারে।

তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে আমরা এসব বিষয়ে সিদ্ধান্ত নেব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানব পাচার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো ঘাটতি রয়েছে বলে আমি মনে করি না। তবে সেটা আরও ভাল করা যেত।

আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে মানবপাচার রোধে কাজ করার কথাও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থল সীমান্ত বিলটি শুধু রাজ্যসভায় যাবে। সেটি আবার লোকসভায় পাস হওয়ার প্রয়োজন নেই।

আর এ সীমানা চুক্তি বাস্তবায়নের ফলে বাংলাদেশের ম্যাপের বাহ্যিক কোনো পরিবর্তন হবে না বলেও তিনি জানান।

এসএইচ