ইরান সফররত জার্মানির অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, ইরানের সঙ্গে টেকসই এবং স্থিতিশীল সম্পর্ক চায় তার দেশ। ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।
গ্যাব্রিয়েল বলেন, জার্মান কোম্পানিগুলো ইরানে পণ্য বিক্রির পাশাপাশি তেহরানের সঙ্গে টেকসই এবং স্থিতিশীল অর্থনৈতিক সহযোগিতাও বিস্তার করতে চায়। এ ছাড়া, বার্লিন-তেহরান দীর্ঘস্থায়ী বাণিজ্য সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। জার্মান অর্থমন্ত্রী বলেন, আবার অর্থনৈতিক সহযোগিতায় যাওয়ার অংশ হিসেবে জার্মান কোম্পানিগুলো ইরানে প্রযুক্তি এবং প্রযুক্তি জ্ঞান স্থানান্তরে প্রস্তুত রয়েছে।
আগামী বছর জার্মানি এবং ইরানের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলেও জানান তিনি। গ্যাব্রিয়েল বলেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরই শিল্পক্ষেত্রকে আধুনিকীকরণের লক্ষ্যে ইরানের সঙ্গে সহযোগিতা শুরু করবে জার্মানির কোম্পানিগুলো। সূত্র:রেডিও তেহরান
ইআর





