নতুন ব্রিটিশ পাসপোর্টের কভারে ইউরোপীয় ইউনিয়নের (ইউ) নাম সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। জোটটি থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদের আগেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভাণ্ডারে এখনো ‘ইউরোপীয় ইউনিয়ন’ লেখা কভার থাকায় আরও কিছুদিন কেউ কেউ আগের পাসপোর্টও পেতে পারেন। এদিকে গত ৩০ মার্চ থেকে বার্গান্ডি লাল রংয়ের নতুন এ পাসপোর্ট ইস্যু শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ব্রিটিশরা ‘ইউরোপীয় ইউনিয়ন’ লেখাবিহীন নতুন পাসপোর্ট হাতে পাচ্ছেন।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হবে ধরে নিয়েই তারা পরদিন থেকে ‘ইউরোপীয় ইউনিয়ন’ ছাড়া কভারের পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিলেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন লেখা থাক বা না থাক, ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে তা পার্থক্য করবে না। উভয় নকশাই বৈধ।’

ব্রিটিশদের মধ্যে কেউ কেউ এ পরিবর্তনকে ‘স্বাগত’ জানিয়েছেন। অনেকে আবার ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্ত হওয়ার আগে পুরনো নকশার যে গাঢ় নীল কভারের পাসপোর্ট পেতো যুক্তরাজ্যের জনগণ। চলতি বছরের শেষ থেকে সেগুলোও মিলবে।

ব্রেক্সিট গণভোটের পর ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ২৯ মার্চ ইইউ জোট থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার কথা ছিল। গতকাল শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট কার্যকরের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন।

চলতি সপ্তাহে ইউরোপের নেতাদের এ নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে বলে জানা গেছে।