স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ট্রাম্প। খবর এনডিটিভির।
ট্রাম্প বলেন, ভারত রাশিয়া থেকে তেল কেনায় আমি সন্তুষ্ট ছিলাম না। আজ মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে, তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন।
তিনি আরও বলেন, এটি একটি বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই সিদ্ধান্ত নিতে বাধ্য করব।
তবে প্রধানমন্ত্রী মোদি আসলেই এমন প্রতিশ্রুতি দিয়েছেন কিনা, সে বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাশিয়ার তেল আমদানি বন্ধের এই প্রতিশ্রুতি বৈশ্বিক জ্বালানি কূটনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ চলাকালে ওয়াশিংটন মস্কোর তেল রাজস্ব কমানোর প্রচেষ্টা চালাচ্ছে, আর ভারতের এ সিদ্ধান্ত সেই প্রচেষ্টাকে আরও জোরদার করতে পারে।
রাশিয়া থেকে তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। তাই এই সিদ্ধান্ত মস্কোর অন্যতম বড় গ্রাহকের দিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের উদ্ধৃতি অনুযায়ী এই পরিবর্তন তাৎক্ষণিকভাবে নয়, শিগগিরই কার্যকর হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন, যার মধ্যে রুশ তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও যুক্ত ছিল।
এনএইচ