ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে তার নিজ প্রদেশ কেরমানে দাফন করা হবে।
নিজের কবরস্থান কোথায় হবে তা আগেই বলে গেছেন সোলাইমানি।
শনিবার (০৪ জানুয়ারি) বিকালে কাসেম সোলাইমানিসহ পাঁচ ইরানির মৃতদেহ ইরানে পৌঁছার কথা রয়েছে। এরপর মৃতদেহ মাশহাদে ইমাম রেজা (র:)’র মাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল (রোববার) তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) তাঁকে দাফন করা হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিজে জানাজা পড়াবেন।
বাগদাদে অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছে, ইরাকি জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে জেনারেল সোলাইমানিসহ নিহত ইরানিদের মৃতদেহও কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী শোক পালন করবেন।
শুক্রবার (০৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বাহিনীর বিমান হামলায় জেনারেল সোলেইমানিসহ ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আইআরজিসি’র কমান্ডার কাসেম সুলাইমানিসহ পাঁচ জন ইরানি এবং হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসহ পাঁচ জন ইরাকি রয়েছেন।
এমবি





