তুরস্কের রাজধানী আঙ্কারায় বুধবার রাতের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি এ নিন্দা জানানোর পাশাপাশি ওই হামলায় নিহতদের পরিবারবর্গ এবং তুর্কি সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এ বোমা হামলা আরেকবার প্রমাণ করেছে বিশ্বের সব দেশের প্রতি যৌথ হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসবাদ নির্মূলে ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত।


বুধবার রাতে আঙ্কারার কেন্দ্রস্থলে সেনা সদরদপ্তরের কাছে এক শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত ও ৬১ জন আহত হয়। কোনো কোনো সূত্র জানিয়েছে, তুরস্কের সেনা সদস্যদের বহনকারী একাধিক গাড়ির কাছে এ বোমা হামলা চালানো হয়।

তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। এ হামলার কারণে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার আজারবাইজন সফর এবং প্রধানমন্ত্রী আহমেত দাউদোগ্লু নিজের ব্রাসেলস সফর বাতিল করেছেন।

তুরস্কের ক্ষমতাসীন দল এমন সময় এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে যখন গত কয়েক বছর ধরে সিরিয়ায় তৎপর সন্ত্রাসবাদে প্রকাশ্যে মদদ দিয়ে যাচ্ছে আঙ্কারা। প্রেসিডেন্ট বাশার আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত সন্ত্রাসীদের সব ধরনের অস্ত্র ও রসদ সরবরাহ হয় তুরস্কের মধ্য দিয়ে।

 

জেএইচ