বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। প্রতিদিনই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধু চীনেই মারা গেছেন ৩ হাজার ২৩৭ জন।

আজ (১৮ মার্চ) বুধবার সকাল সোয়া ৮টা পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৩৯৪ জন।

বুধবার চীনের মধ্যপ্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, করোনায় আক্রান্ত ১ লাখ ৯৮ হাজার ৩৯৪ জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১ লাখ ৭ হাজার ৬৫০ জন। এরমধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ১ লাখ ১ হাজার ২৩৫ জন ও ৬ হাজার ৪১৫ জনের অবস্থা গুরুতর। আক্রান্তদের মধ্যে বাকি ৯০ হাজার ৭৪৪ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৭৬৩ জন এবং মারা গেছেন ৭ হাজার ৯৮১ জন।

করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০৬ জন, আর মারা গেছেন ২ হাজার ৫০৩ জন। ইতালির পরেই রয়েছে ইরান। সেখানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৬৯ জন, মারা গেছেন ৯৮৮ জন। অন্যদিকে, স্পেনে ১১ হাজার ৮২৬ জন, মারা গেছেন ৫৩৩ জন।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের শেষদিন চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। প্রায় তিন মাস চীনে তাণ্ডব চালিয়েছে, এখন গোটা বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে এই মহামারি। বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

এমবি