সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া ফিলিস্তিনিদের ইসরাইলবিরোধী রাজনৈতিক পোস্টগুলো মুছে ফেলার অভিযোগে তুলেছেন ফিলিস্তিনি অধিকারকর্মীরা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি অধিকারকর্মীরা ইসরাইল সরকারের চাপের মুখে দেশটির বিরুদ্ধে সমালোচনার ওপর বিধিনিষেধ আরোপ করায় ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের নিন্দা জানিয়েছেন।
ফিলিস্তিনের ডিজিটাল অধিকার সংস্থা হামলেহ গত সোমবার একটি ওয়েবসাইট চালু করেছে।
ওই ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২১ সালে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ৭৪৬টি অধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে তারা।
এ ব্যাপারে হামলেহের প্রতিষ্ঠাতা নাদিম নাশিফ বলেন, আমরা এই বিষয়টিকে ফিলিস্তিনি বাক্স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে মনে করি। এটা ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন ও দুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার ফিলিস্তিনিদের কণ্ঠরোধের চেষ্টা।
এ ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হলে ফেসবুক জানায়, এটা স্বাধীন ওভারসাইট বোর্ডের আওতাধীন বিষয়। চলতি বছরের সেপ্টেম্বরে সম্ভাব্য পক্ষপাত নিয়ে আরবি ও হিব্রু ভাষার পোস্টগুলো পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছিল ওভারসাইট বোর্ডকে। পর্যালোচনা থেকে পাওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে ফেসবুক।
এমআর





