স্পেনে সন্ত্রাসী হামলায় অর্থ এবং কারিগরি সহায়তার জন্য একটি ব্রিটিশ কোম্পানিকে ব্যবহার করে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)।

তারা ভুয়া নাম দিয়ে স্পেনে মালামাল পাচার করে। জানা গেছে, ওই কোম্পানিটি গড়ে তুলেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আইটি বিশেষজ্ঞ সাইফুল সুজন।

তিন বছর আগে ওয়েলস ছেড়ে সিরিয়ার রাক্কায় আইএসের সঙ্গে যোগ দেয় সুজন। পরে মার্কিন ড্রোন হামলায় নিহত হয় সে। এদিকে স্পেনে পুলিশ একটি বোমা কারখানার সন্ধান পেয়েছে। সাম্প্রতিক হামলার সঙ্গে ওই কারখানার সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দ্য সানডে টাইমস এফবিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে, আইএস ব্রিটিশ কোম্পানির নাম ব্যবহার করে স্পেনে নজরদারির জন্য ড্রোনও পাঠিয়েছিল।

দেশটিতে রকেট হামলার জন্যও প্রয়োজনীয় সরঞ্জামাদি ওয়েলসের কার্ডিফ দিয়ে স্পেনে পাঠানো হয়। মাদ্রিদে সরঞ্জামাদি পাঠাতে একটি কোম্পানির ভুয়া পরিচালক এবং শেয়ারহোল্ডার ব্যবহার করা হয়।

সুজন এবং তার এক সহযোগী আইব্যাকস নেটওয়ার্ক অব কোম্পানিজ গড়ে তুলেছিলেন, যার কাজ ছিল রেস্টুরেন্টে ওয়েবসাইট এবং প্রিন্টিং সার্ভিস দেওয়া।

তারা কার্ডিফের ট্রেমোর্ফার আলেক্সান্দ্রা গেইট বিজনেস পার্কে কোম্পানিটি পরিচালনা করছিলেন। ২০১৫ সালে কার্ডিফ ভিত্তিক আইব্যাকসটেল নামের ফার্মটি মেরিল্যান্ডে আইএস সমর্থক মোহাম্মদ এলশিনওয়ের কাছে ৭ হাজার ৭শ’ ডলার পাঠায়। দ্য সানডে টাইমস।
জেড