সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক হচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সৃষ্ট সংকট সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে ইরানি প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে থাকছেন দুই উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ও মাজিদ তাখতে রাভানচি। অন্যদিকে মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন দেশটির দুই সহকারি পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নজ ও ওয়েন্ডি শেরম্যান।
ইরানের পরমাণু আলোচক দলের একজন কর্মকর্তা জানিয়েছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় মতপার্থক্য থাকা বিষয়গুলো নিয়ে কথা বলার পাশাপাশি দৃষ্টিভঙ্গিগত দূরত্ব কমিয়ে আনা হবে জেনেভা বৈঠকের প্রধান উদ্দেশ্য।
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানি সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সর্বশেষ বৈঠক হয় গত জুলাই মাসে। ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত ভিয়েনায় অনুষ্ঠিত ওই বৈঠকে একটি স্থায়ী চুক্তি সই হওয়ার ছিল। কিন্তু ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ও চুক্তির মেয়াদ নিয়ে মতপার্থক্যের কারণে তা স্বাক্ষরিত হয়নি। এ কারণে এর আগে স্বাক্ষরিত ছয় মাসের চুক্তির মেয়াদ আরো চারমাস বাড়ানো হয়েছে। আগামী ২৪ নভেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হবে এবং তার আগেই একটি স্থায়ী চুক্তিতে পৌঁছার লক্ষ্যে জোর তৎপরতা শুরু করেছে ইরান ও ছয় জাতিগোষ্ঠী। সূত্র: আইআরআইবি, প্রেসটিভি।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





