ইন্দোনেশিয়ার এক গৃহকর্মীকে নির্যাতনের দায়ে হংকংয়ের এক মহিলাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার এই শাস্তির রায় ঘোষণা করা হয়।
এদিকে নির্যাতনের শিকার হওয়া গৃহকর্মী ইর্বিয়ানা সুলিস্তিয়ানিংসিহ বলেন, এ রায়ে তিনি খুশি এবং তিনি এর প্রশংসা করেন। তবে তিনি মনে করেন যে, ছয় বছরের সাজা যথেষ্ট নয়।
সুলিস্তিনিংসিহ সাংবাদিকদের বলেন, ‘তিনি আমার ও আমার সহকর্মীদের সাথে যে আচরণ করেছেন তাতে তাকে মাত্র ছয় বছরের কারাদন্ড দেয়ায় আমি সন্তুষ্ট নয়।’
বিচারক আমান্দা উডকক বলেন, ল ওয়ান-তুং সুলিস্তিনিংসিহ ও অন্যান্য গৃহকর্মীর প্রতি কোন ধরনের সহানুভূতি দেখাননি।
গৃহকর্মী সুলিস্তিনিংসিহ’র সাথে আচরণের ব্যাপারে রায়ে তিনি বলেন, তিনি গৃহকর্মীকে বিশ্রাম নিতে ও ঘুমাতে দিতেন না, এমনকি তাকে ঠিক মতো খাবারও দেয়া হতো না।
সুলিস্তিনিংসিহ (২৪) গত ডিসেম্বরে হংকংয়ের একটি আদালতকে বলেন, তাকে খুবই কম খাবার দেয়া হত এবং তাকে ২৪ ঘন্টার মধ্যে মাত্র চার ঘন্টা ঘুমানোর সুযোগ দেয়া হতো। এছাড়াও তাকে অমানবিকভাবে প্রহার করা হত।
জেডআই





