ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিয়ে বিশ্বকে গুরুত্বের সঙ্গে চিন্তা ভাবনা করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারত পরমাণু যুদ্ধের নীতি পরিবর্তন করতে পারে বলে প্রকাশিত খবরকে কেন্দ্র করে এই বক্তব্য দিলেন ইমরান খান।
আজ (১৮ আগস্ট) রোববার এক টুইট বার্তায় পাক প্রধানমন্ত্রী বলেন, মোদি সরকারের নিয়ন্ত্রনাধীন ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তার বিষয়ে বিশ্বকে গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা করা উচিত।
টুইট বার্তায় তিনি আরও বলেন, এর প্রভাব কেবল উপমহাদেশেই পড়বে না বরং গোটা বিশ্বে পড়বে।
চলতি মাসের ৫ তারিখে ভারত নিয়ন্ত্রণাধীন কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়া এবং কাশ্মিরকে দুই ভাগে বিভক্ত করাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনার পারদ আরও কয়েক ধাপ বেড়েছে। ভারতের এ পদক্ষেপকে কঠোর ভাষায় নিন্দা করেছে পাকিস্তান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী বিজেপি সরকার।
এরপর থেকেই ১৪৪ ধারা জারি করে ভারত সরকার। তবে ধারা বাতিলের একদিন পর থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অনেকেই নিহত হয়েছে। কিন্তু ভারত সবসময়ই বিক্ষোভের কথা অশিকার করে আসছে। এর ফলে কাশ্মিরে তীব্র উত্তেজনা দেখা দেয় এবং সম্ভাব্য গোলযোগ প্রতিহত করতে সেখানে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়।
ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিলে তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। ভারতের পদক্ষেপের কারণে ওই অঞ্চলে উদ্ভূত সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানায় পাকিস্তান। কাশ্মীর প্রশ্নে ভারতের পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করা হয়েছে।
চীনও পাকিস্তানের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৃহস্পতি বা শুক্রবার কাশ্মীর নিয়ে বৈঠকে বসার আহ্বান জানায়। এরফলে জম্মু-কাশ্মীরের চলমান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় কাশ্মীর সংকট নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এমবি





