চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২০ যাত্রী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনাফুনী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন আছিয়া বিবি (২০), ফিরোজা বেগম (৫০) লিপি বিবি (২২)। এছাড়া বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বাদামতলী এলাকার ফেনাপুনি ব্রিজের দক্ষিণে রবিশাল-চট্টগ্রাম রুটের একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মিরসরাই সদরের বিভিন্ন হাসপাতালে পাঠায়।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘বাস দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর সহযোগীতায় আহতদের উদ্ধার করেছি।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, মহাসড়কের ফেনাপুনি এলাকায় বরিশাল থেকে চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বেশ কিছু যাত্রী আহত হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এবিএস





