দিন দিন ফুলে যাচিছল পেট। প্রথমদিকে অল্প হলেও পরে বাড়তে থাকে যন্ত্রণা। একটু হাঁটাচলা করলেই হাপাতে হতো। অবশেষে রানি সিং নামে ২৮ বছরের ওই মহিলার পেট থেকে বের হল ৩৫ কেজি ওজনের টিউমার। যা দেখে তাজ্জব চিকিৎসকরাই। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরবঙ্গে।

টিউমারটির ধরন জানতে হিস্টো-প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে সেটি নন-ম্যালিগন্যাণ্ট বলেই প্রাথমিক ধারণা চিকিৎসকদের। গতকাল শনিবার তিন ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই রোগীর অস্ত্রোপচার হয়।

উত্তর দিনাজপুরের কানকির বাসিন্দা রানি সিংয়ের শরীরে তুলনামূলকভাবে হিমোগ্লোবিন কম থাকায় এবং পর্যাপ্ত পরিমাণে এবি পজিটিভের রক্ত না মেলায় খানিকটা ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার শুরু করতে হয় চিকিৎসকদের। কিন্তু এখনও তিনি পুরোপুরি বিপদমুক্ত নন বলে দাবি চিকিৎসকদের।

তিন সন্তানের ওই জননীর প্লীহা ও গলব্লাডার কেটে বাদ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন মেডিক্যালের প্রসূতি বিভাগের চিকিৎসক তথা আইএমএ'র শাখা সম্পাদক সন্দীপ সেনগুপ্ত।

তিনি জানান, ওভারিয়ান টিউমার সন্দেহ করেই ওই রোগীর অস্ত্রোপচার শুরু করা হয়। কিন্তু পেট কাটতেই প্রমাণ হয়, ধারণা ভুল। দেখা যায়, ইণ্টার পেরিটোনিয়ালে বিরাট সিস্ট। জলীয় অংশসহ টিউমারটির ওজন ছিল প্রায় ৩৫ কেজি। অপারেশন চলাকালীন ধরা পড়ে গলব্লাডারেও প্রচুর পাথর রয়েছে। সেটিও পুরোপুরি বাদ দেয়া হয়েছে।

চিকিৎসকরা বলছেন, টিউমারটি যেকোনো মুহূর্তে সেটি ফেটে যেতে পারত। কিংবা লিভার আক্রান্ত হওয়ারও সম্ভাবনা ছিল। ফলে জীবনহানির আশঙ্কা ছিল।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই