ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় নৌকা ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিহতের আত্মীয়-স্বজনরা এ ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছেন।
কর্মকর্তারা বলেছেন, অতিরিক্ত লোক বহন করার কারণে নৌকাটি একটি পাথরের সঙ্গে ধাক্কা খায় এবং ডুবে যায়। প্রদেশ সরকারের মুখপাত্র মনুলফে বোসো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা ৩০টি লাশ ও ১০৫ জনকে জীবিত উদ্ধার করেছি। উদ্ধার অভিযান অব্যাহত আছে।
তিনি জানান, সোমবার কিসাঙ্গি থেকে ৩৫ কিলোমিটার দূরের ইয়াকুসু গ্রামের কাছে অতিরিক্ত যাত্রী নিয়ে ওই নৌকাটি একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়। এতে নৌকাটি ডুবে গেলে ৩০ জন মারা যায়।
বোসো জানান, কিসাঙ্গি থেকে যখন নৌকাটি ছাড়ে তখন ৩৯ জন যাত্রীর নামের তালিকা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু সম্ভবত নৌকার মালিকরা কর্তৃপক্ষের সঙ্গে জালিয়াতি করে এবং ছাড়ার পর আরও লোক উঠায়। আর অতিরিক্ত যাত্রী নেয়ার কারণেই নৌকাটি ডুবে যায়।
এদিকে, দুর্ঘটনায় নিহতদের আত্মীয়-স্বজনরা বৃহস্পতিবার ইসাঙ্গি শহরে বিক্ষোভ করে। এ সময় তারা সরকারি ভবনে ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। সরকারের একটি প্রতিনিধি শুক্রবার ইসাঙ্গি শহরে যাওয়ার কথা।
উল্লেখ্য, নৌ দুর্ঘটনা কঙ্গোর একটি সাধারণ ঘটনা। অতিরিক্ত যাত্রীবহন, পুরনো ও উন্নত যানবাহন না হওয়া, লাইফ জ্যাকেটের অভাব এবং অনেক লোকের সাঁতার না জানার কারণে প্রায়ই এ রকম দুর্ঘটনা ঘটে। চলতি মাসের শুরুতেই এক দুর্ঘটনায় অন্তত ১২৯ জন এবং মার্চ মাসে এক দুর্ঘটনায় ২১০ জন নিহত ও নিখোঁজ হয়। সূত্র: আলজাজিরা।
কেএইচ





